প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১২:৫১ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নিযুক্ত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার নেতাকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা। এই কর্মসূচির ফলে গুলিস্তানের মাজার এলাকা থেকে বঙ্গবাজারমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) গুলিস্থান ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ‘নগরবাসীর আয়োজনে’ নগর ভবন অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে নানা টালবাহানা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ২২ এপ্রিল ট্রাইব্যুনালের রায় পেয়ে গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।
আন্দোলনকারীরা জানান, আদালতের রায় এবং গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। জনতার রায় স্পষ্ট, গেজেটও প্রকাশ হয়েছে- এরপরও শপথের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা।
স্বদেশ প্রতিদিন/আইএমএস