| শিরোনাম: |

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দূরপাল্লার বাসে আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ১৬ মে। ঈদের আগের যাত্রার জন্য ২৯ মে পর্যন্ত এই টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।
তিনি বলেন, “১৬ মে শুক্রবার থেকে যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইন এবং বাস টার্মিনালের কাউন্টার—দুই মাধ্যমেই বিক্রি হবে টিকিট। তবে কিছু পরিবহন শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মেই টিকিট দেবে।”
ভাড়া সংক্রান্ত বিষয়ে রাকেশ বলেন, “ঈদের সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। বিআরটিএ যেভাবে ভাড়া নির্ধারণ করে দিয়েছে, মালিকরা তা মেনেই চলবে। এ নিয়ে পরিবহন মালিকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”
এসি বাসের ভাড়া নিয়ে আগের ঈদে যাত্রীদের অসন্তোষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, মালিকরা গাড়ির মান অনুযায়ী ভাড়া ঠিক করে। এবার আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়েছি—ভাড়া যেন যাত্রীদের নাগালের মধ্যেই থাকে।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ