প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:২৪ পিএম

আগামী জুন মাসের মধ্যেই বাংলাদেশ পাবে প্রায় ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
আজ বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে গভর্নর বলেন, ‘এই অর্থের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দেবে ১.৩ বিলিয়ন ডলার। বাকি ২.২ বিলিয়ন ডলার আসবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), জাইকা, AIIB এবং ওপেক থেকে।’
এর আগে গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা হচ্ছে। তবে রফতানি এবং রেমিট্যান্সের ভালো প্রবাহের কারণে ডলারের দাম অস্বাভাবিকভাবে বাড়বে না বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, ‘বাজারভিত্তিক মানে এই নয় যে, ডলারের দাম একেবারে উন্মুক্ত থাকবে। এখন যে দামে লেনদেন হচ্ছে, তার কাছাকাছিই থাকবে।’
মূল্যস্ফীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন গভর্নর। তবে তিনি উল্লেখ করেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।
আরও জানান, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ ছাড়াই ডলারের বাজার স্থিতিশীল রয়েছে। ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া, কেউ যদি বাজারকে অস্থির করার চেষ্টা করে, তবে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ডলার বাজারকে স্থিতিশীল রাখতে ইতোমধ্যে ৫০০ মিলিয়ন ডলারের একটি ফান্ড গঠন করা হয়েছে বলেও জানান গভর্নর।
স্বদেশ প্রতিদিন/এমএম