প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৮:০২ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাকারবারিকে ধাওয়া করে ৬০ বোতল ভারতীয় মদ বহনকারী একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া গ্রাম্য রাস্তা থেকে এসব মদ ও বহনকারী পিকআপ উদ্ধার করা হয়।
চোরাকারবারিরা গত সোমবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারত থেকে আনা বস্তাভর্তি মদ পিকআপ ভ্যানে করে পাচার করছে, এমন সংবাদে ওই এলাকায় নালিতাবাড়ী থানার রাত্রীকালিন টহল টীম অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পাহাড়ের অভ্যন্তরে পালিয়ে যায়। এসময় পিকআপ গাড়ির অজ্ঞাতনামা চালক গাড়ি দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পিকআপ টিকে ধাওয়া করে। এক পর্যায়ে পিকআপ চালক গাড়িটি উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার গ্রাম্য রাস্তায় ঢুকলে গাড়িটি খরের গাদায় লাগিয়ে দিয়ে চালক পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করে এবং পিকআপটি তল্লাশিকরে বিশেষ কায়দায় মাছ নেওয়ার ড্রামের ভেতরে রাখা ২টি বস্তায় ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে তা জব্দ করে। একইসাথে ওই পিকআপ ভ্যানটিও আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম