
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পঞ্চম শ্রেণির ছাত্র হোসেন মিয়াকে (১২) ছুরিকাঘাতে হত্যা করেছে ফ্রি ফায়ার ও পাবজিসহ আক্রমণাত্মক গেমে আসক্ত কিশোর আকসান মিয়া (১৩)।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫০০ টাকার দ্বন্দ্বে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হোসেনকে।
পুলিশ জানিয়েছে, এপ্রিলের শেষে আকসান ও হোসেন মিয়া মিলে ৫০০ টাকা দিয়ে একজোড়া কবুতর কিনে আনে। এর কিছুদিন পর আকসান ভুল করে কবুতরটি খাঁচা থেকে ছেড়ে দেয়। যা পরবর্তীতে আর ফিরে আসে না। এই প্রেক্ষাপটে শুরু হয় দুই কিশোরের মধ্যে দ্বন্দ্ব। দ্বন্দ্বের এক পর্যায়ে হোসেনের কাছে টাকা ফেরতের দাবি করে আকসান।
প্রসঙ্গত, গত সোমবার (৫ মে) হোসেন মিয়া তার নানির কাছ থেকে ৫০০ টাকা নিয়ে আকসান, আজির উদ্দিন ও শরীফ নামে তিন কিশোরের সাথে বাজারে যায়। ফেরার পথে আকসান তাকে জোর করে নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে যায়। পরে ছুরি দিয়ে গলা, পেট ও বুকে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় হোসেন পথচারীদের জানায়, আকসান তাকে মেরেছে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক এ ঘটনার বিষয়ে বলেন, অভিযুক্ত কিশোর স্মার্টফোনে অনলাইন গেইমে আসক্ত। এ ঘটনায় নিহতের মামা বিলাত আলী বাদী হয়ে আকসানকে প্রধান আসামিসহ অজ্ঞাতনামা ৩ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে মামলায় আকসান ও আজির উদ্দিন নামের দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর গলা ও পেটে ধারালো ছুরির পাঁচটি আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে ফলে তার মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, নিহত হোসেনের পরিবার দাবি করেন, আকসান একা নয় তার ভাই আজির উদ্দিন ও শরীফও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
ভুক্তভোগীর মা ফাতেমা বেগম ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, আকসানের স্বজনরা প্রভাবশালী ও অর্থবিত্তের মালিক। পূর্বেও তারা আকসানের এ ধরণের ঘটনা টাকা-পয়সা দিয়ে সামাজিকভাবে মিট-মাট করেছেন। এ অবস্থায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছি।
এছাড়াও নিহতের ভাই হাসান আলী বলেন, গেইমে বাজি ধরার সুযোগে টাকা জোগাড় করতে আমার ভাইকে নির্মম ভাবে হত্যা করেছে আকসান। তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আকসান ও তার ভাইয়ের ফাঁসি চাই।
তিনি আরো জানান, স্বজনদের অর্থের প্রভাব ও আইনের ফাঁক-ফোকর দিয়ে সে বেরিয়ে গেলে তার ভাইয়ের আত্মা শান্তি পাবে না।
স্বদেশ প্রতিদিন/আইজেপি