প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৩:৩৬ পিএম

মৌসুমের আগেই দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। মার্চের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গিয়েছে, মার্চে ৩৩৬ জন থেকে এপ্রিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩ জন। এ সময়ে দ্বিগুণ হয়েছে মৃতের সংখ্যাও।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগে থেকে সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
চলতি সপ্তাহে মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৭ জন। একজন রোগী স্বজন বলেন, শুরুতে জ্বর-বমি-মাথাব্যথা এরপর মুখ দিয়ে রক্ত গিয়েছে। অবস্থা এখন বেশ জটিল। এ কারণে হাসপাতালে নিয়ে আসা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, এখনকার তাপমাত্রা ডেঙ্গু মশার প্রজনন এবং বিস্তার দুটোর জন্যই অনুকূল পরিবেশ। আমাদের দুই সিটি করপোরেশন এ বিষয়ে উদ্যোগ না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
সেনাবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে উল্লেখ করে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পরিস্থিতি যেন খারাপ না হয়, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি