প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯:৩০ পিএম

ভয়াবহ দাবানলে দাউ দাউ করে জ্বলছে ইসরায়েল। তাদের দখলকৃত জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাওল বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে এ দাবানল। ফলে সরিয়ে নেওয়া হয়েছে এলাকার কিছু কমিউনিটি থেকে বাসিন্দাদের।
বুধবার (৩০ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম শহরের পশ্চিমাংশের এস্টাওল বনাঞ্চলে বুধবার (৩০ এপ্রিল) এ দাবানল ছড়িয়ে পড়ে। ফলে খালি করে দেওয়া হয়েছে কয়েকটি কমিউনিটি এলাকা। এছাড়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট-১।
এদিন তেলআবিব থেকে জেরুজালেম যাওয়া রুট-১ মহাসড়কে ছড়িয়ে পড়ে আগুন। এতে আটকে পড়ে সড়কে চলা বেশ কিছু গাড়ি। আগুন কাছে চলে আসার পর গাড়ি রেখে দৌড়ে পালাতে দেখা গিয়েছে ইসরায়েলিদের। এমনই কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে ঘটা এটি দ্বিতীয় ঘটনা। যেখানে রাজধানীর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ আগুন লাগায় সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। জেরুজালেমের পাহাড়ি অঞ্চলের অন্তত ৫টি স্থানে আগুন জ্বলছে বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। প্রচণ্ড গরম ও প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণে সৃষ্টি করছে প্রতিবন্ধকতা।
নেভে শালোম, বেকো’আ, টা’ওজ এবং নাখশোন গ্রামগুলো খালি করা হয়েছে। পাশাপাশি লাটরুনের সামরিক স্মৃতিস্তম্ভ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে জনমানব। ফলে বন্ধ হয়ে গিয়েছে একটি স্মরণসভা।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, পুলিশ মেসিলাত সিয়ন গ্রাম খালি করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল ন্যাচার অ্যান্ড পার্কস অথরিটি আশেপাশের বেশ কয়েকটি পার্ক থেকে সরিয়ে নিয়েছে পর্যটকদের। তবে এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি