প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ পিএম

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মানবেতর জীবন থেকে মুক্তি দিতে চীনের সহায়তায় স্বাধীন মুসলিম আরাকান রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ রোববার বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, ‘রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন কোনো স্থায়ী সমাধান নয়। তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে। আমরা চীনের কাছে একটি স্বাধীন আরাকান মুসলিম স্টেট গঠনের প্রস্তাব দিয়েছি।’
তিনি আরও জানান, চীনের প্রতিনিধি দল প্রস্তাবটি তাদের সরকারের কাছে উত্থাপনের আশ্বাস দিয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে বলে জানায়।
মতবিনিময় সভায় রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে উভয় দলের মধ্যে আলোচনা হয়। জামায়াত পক্ষ থেকে তিস্তা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা সেতু এবং গভীর সমুদ্রবন্দরে চীনের বিনিয়োগের আহ্বান জানানো হয়।
চীন-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে ডা. তাহের বলেন, ‘চীনের সঙ্গে এখন আমাদের পার্টি টু পার্টি, গভর্মেন্ট টু গভর্মেন্ট এবং পিপলস টু পিপলস সম্পর্ক দ্রুত বিস্তৃত হচ্ছে। জামায়াতও সেই বন্ধন আরও শক্তিশালী করতে চায়।’
তিনি জানান, চীন সরকারের আমন্ত্রণে জামায়াতের প্রধান উপদেষ্টা দেশটি সফর করেছেন এবং চীনা কমিউনিস্ট পার্টি জামায়াতকে তাদের আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।
সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নূরুল ইসলাম বুলবুল এবং মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম