প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৬:১১ পিএম

পালানো ডাকাত রফিকুল ইসলাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহেশখালীর অস্ত্র মামলার আসামি রফিকুল ইসলাম প্রকাশ ডাকাত রফিক হাতকড়াসহ পালিয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে হাসপাতালে দায়িত্বে থাকা দুই কনস্টেবলকে ফাঁকি দিয়ে পালান তিনি৷ এ ঘটনায় অভিযুক্ত দুই কনস্টেবল মামুন ও আব্দুল কাদিরকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সিএমপি। ঘটনাটির পর থেকে পুলিশের মধ্যে চলছে তোলপাড়।
এর আগে, গত ১৬ মার্চ মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সামিরাঘোনা এলাকা থেকে রফিককে গ্রেপ্তার করে কোস্ট গার্ড। ওইদিনের অভিযানের বিষয়ে কোস্ট গার্ড জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ঘটনার দিন বিকেলে অভিযান পরিচালনা করে সংস্থাটি। এসময় ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। কোস্ট গার্ডের দল প্রথমে ফাঁকা গুলিবর্ষণ করে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু তারা আহ্বানে সাড়া না দিয়ে পুনরায় এলোপাতাড়ি গুলি করে৷ পরে কোস্ট গার্ডের সদস্যরাও পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় এবং অন্যান্য ডাকাত সদস্যরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে আসামি রফিককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তারের পাশাপাশি দুটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি জব্দ করা হয়।
সিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, চমেক হাসপাতালে চিকিৎসাধীন আসামি রফিকের তত্ত্বাবধানে দুজন কনস্টেবল ছিলেন। দায়িত্বে অবহেলার জন্য তাদের সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্বদেশ প্রতিদিন/এনআর