প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১০:০৭ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সাথে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের যোগসূত্র খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতির অভিযোগে দায়েরকৃত মামলায় রবিবার (১৩ এপ্রিল) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার (১৩ এপ্রিল) টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলা আদালতে উঠছে।
আদালত সূত্রগুলো বলছে, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিনটি মামলায় ৫৩ জনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ওই অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল রবিবার (১৩ এপ্রিল)। যেখানে আসামি টিউলিপ সিদ্দিকসহ ৫৩ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত।
উল্লেখ্য, ব্রিটিশ নাগরিক টিউলিপ যুক্তরাজ্যের নগরমন্ত্রী হয়েছিলেন। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দুর্নীতির সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ সামনে আসে। এতে দলের ভেতরে এবং বাইরে চাপে পড়ায় শেষমেশ লেবার মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
এছাড়াও ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হলে সেটি টিউলিপকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণের পথও প্রশস্ত করবে। কারণ, গ্রেফতারি পরোয়ানার পর তিনি যদি আত্মসমর্পণ না করেন তবে, বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে তাকে বিবেচনা করা হবে। এমনটি হলে নিজ ভূমিতে বিচারের জন্য ব্রিটেনের কাছে টিউলিপকে ফেরত চাইতে পারবে বাংলাদেশ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি