প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৯:২৬ পিএম আপডেট: ১০.০৪.২০২৫ ৯:৫৯ PM

ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে আগামী শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অভূতপূর্ব বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত-যার শিরোনাম ‘মার্চ ফর গাজা’।
এই কর্মসূচির আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। বিক্ষোভটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ এবং রাজনৈতিক-অরাজনৈতিক সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক অনন্য সংহতির উদাহরণ।
সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি সমাবেশ হতে যাচ্ছে, যেখানে সব রাজনৈতিক-অরাজনৈতিক দল-মতের মানুষের সম্মিলিত স্রোত মিলিত হবে ইনশাআল্লাহ।’
এই কর্মসূচিতে অংশ নিচ্ছে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনসমূহ।
এছাড়া, সমাবেশে উপস্থিত থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক, মাহমুদুর রহমান, সম্পাদক, আমার দেশ, শায়খ মিজানুর রহমান আজহারি, মাহমুদুল হাসান সোহাগ (প্রযুক্তিবিদ), আয়মান সাদিক (শিক্ষা উদ্যোক্তা), আরজে কিবরিয়া, লতিফুল ইসলাম শিবলী সহ বিভিন্ন সেক্টরের সেলিব্রেটিরা।
সমাবেশে অংশগ্রহণে আগ্রহীদের উদ্দেশে শায়খ আহমাদুল্লাহ অনুরোধ জানিয়েছেন, ‘মানবতার জন্য এইদিন আপনি আসুন সোহরাওয়ার্দী উদ্যানে। কাছের মানুষকে উৎসাহিত করুন, সন্তানদেরও সঙ্গে আনুন, যেন তারা জানে পবিত্র ভূমির মানুষের দুঃখগাথা। পাশাপাশি, যেন কোনো অসাধু চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে - সে দিকেও সকলে সতর্ক থাকবেন।’
এটি শুধু একটি সমাবেশ নয়-এটি ন্যায়ের পক্ষে, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর একটি ঐতিহাসিক ঘোষণা। আয়োজকরা সকলকে যথাসময়ে উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগকে সফল করার আহ্বান জানিয়েছেন।