প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২:১২ পিএম আপডেট: ০৯.০৪.২০২৫ ৭:১৩ PM

ইলিশের বংশবৃদ্ধি ও জাটকা সংরক্ষণ অভিযান সফল এবং জেলেদের সচেতন করার লক্ষ্যে মেঘনা নদীতে নৌ র্যালি করা হয়েছে।
মঙ্গলবার লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট হতে কমলনগর উপজেলার কাটাখালী পর্যন্ত এই নৌ র্যালি পরিচালনা করা হয় । এর আগে মজু চৌধুরীর হাটের ডা. আব্দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজু চৌধুরীর হাট নৌ পুলিশের আই সি সোহেল রানা চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। বিশ্বের প্রায় ৭৫% ইলিশ আমাদের দেশে উৎপাদন হয়। আর এই ইলিশ মাছের পরিচয়ে আমরা বিশ্বে ১ নাম্বার ইলিশ উৎপাদনকারী দেশ হিসেবে খ্যাতি অর্জন করেছি। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তাই এই অর্জনকে ধরে রাখার জন্য ইলিশের বংশ বিস্তারের লক্ষ্যে আমাদের জাটকা নিধন রোধ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা সংরক্ষণকালীন জেলে সমাজ যাতে জীবিকা নির্বাহ করতে পারে সে লক্ষ্যে প্রতি বছর তালিকাভুক্ত জেলেদের মাঝে গরুর বাছুর এবং চাউল বিতরন করা হচ্ছে।
নৌ র্যালি শেষে চট্টগ্রাম বিভাগীয় মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন এর নেতৃত্বে বিকাল ২ টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সদর উপজেলা ভূমি কর্মকর্তা অভি দাশসহ লক্ষ্মীপুর এবং কমলনগর উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে জেলে সহ একটি মাছ ধরার নৌকা, দেড় লাখ মিটার কারেন্ট জাল (যার আনুমানিক মূল্য ২,৫০০০০ টাকা) আটক করাসহ নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।
উল্লেখ যে, প্রতি বছর ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুর জেলার ষাটনল হতে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিমি মেঘনা নদীর জলসীমায় সকল ধরনের মৎস্য শিকার এবং জাল ব্যবহার করা, মৎস্য ক্রয়বিক্রয়, বাজারজাত ও মজুদ করা সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ অভিযানকে সফল করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর