প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৮:৫৩ পিএম আপডেট: ০৩.০৪.২০২৫ ৯:০৭ PM

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের চরফুকরায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ উভয়পক্ষ আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকার শহিদুল খানের সাথে দীর্ঘদিন ধরে ভুলু মুন্সীর বিরোধ চলছিল। গত দুই সপ্তাহ আগেও মারামারি হয়েছিলো দু'পক্ষের সমর্থকদের মধ্যে। পরে উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় সমঝোতা করা হয়।
বুধবার মাগরিবের নামাজের পর মসজিদের সামনে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। ঘটনায় গুরুতর আহত ৪ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বাকি আহতরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বলেন, ‘এলাকার আধিপত্য নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/আইজেপি