প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:২৬ AM

চলছে সিয়াম সাধনার মাস রমজান। দেখতে দেখতে বাংলাদেশে পেরিয়ে গেছে রমজানের ১১তম দিন, যেখানে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ১২তম রোজা পালন করছে। এদিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছে।
দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, এ বছর শাওয়াল মাসের চাঁদ ৩০ মার্চ সন্ধ্যায় দেখা যেতে পারে। এর ফলে, ৩১ মার্চ উদযাপিত হতে পারে ঈদুল ফিতর। সংস্থাটি সাধারণ জনগণকে পরামর্শ দিয়েছে, "যদি আপনি চাঁদ দেখতে পান, তাহলে বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানাতে হবে।"
এবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হলে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসল্লিরা ৩০টি রোজা পালন করবেন। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল এবং ১ মার্চ থেকে শুরু হয়েছিল এই মাসের সিয়াম সাধনা।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বুধবার (১২ মার্চ) জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখতে কার্যক্রম শুরু করবে। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে।
এছাড়া, যদি রমজান মাসটি ৩০ দিন পূর্ণ হয়, তাহলে এই বছর আমিরাতে ঈদের ছুটি থাকবে পাঁচ দিন, যা কর্মজীবী মানুষের জন্য বিশেষ খুশির খবর।
সূত্র: খালিজ টাইমস
স্বদেশ প্রতিদিন/এনআর