প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪১ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডারসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় র্যাব দুইজনকে আটক করেছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের সার্কিট হাউজ এলাকা এবং গাজিপুর জেলার সোনাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন হরিনাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের আবু সাঈদ ও জোড়াপুকুরিয়া গ্রামের আনারুল ইসলাম।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, ২১ ফেব্রুয়ারি রাতে শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন এবং রাইসুল ইসলাম। এই হত্যাকাণ্ডের ঘটনায় শৈলকুপা থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে অভিযানে গিয়ে আবু সাঈদ ও আনারুল ইসলামকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত হানিফের ভাই সোমবার থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। নিহতদের হত্যার দায় স্বীকার করেছে জাসদ গণবাহিনীর কালু, তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এমআর