প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৮ পিএম

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সেনা সদস্যদের বল প্রয়োগের প্রয়োজন পড়লেও তা অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে এবং সম্ভব হলে তা এড়ানোর চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, যত কম বল প্রয়োগ করা যায় ততই ভালো।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি জানান, দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের অবশ্যই পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং কোন অবস্থাতেই উশৃঙ্খল আচরণ করা যাবে না।
এছাড়া, সেনাপ্রধান বলেন, "যতদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে," এবং দেশের শান্তি প্রতিষ্ঠা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সকল সেনা সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাপ্রধান নিজে ফায়ারিংয়ে অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তেত্রিশ পদাতিক ডিভিশন এবং রানারআপ হয়েছে সাত বিগ্রেড ডিভিশন।
স্বদেশ প্রতিদিন/এমআর