প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়, তবে তিনি দাবি করেছেন যে তিনি এটি ঘটতে বাধা দেবেন। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মিয়ামিতে একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, "আপনারা এটি (বিশ্বযুদ্ধ) থেকে দূরে নন। আমি বলছি, এটি দূরে নয়।" তিনি আরও বলেন, "যদি বাইডেন সরকার আর এক বছর থাকতো, তাহলে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন।"
তবে ট্রাম্প দাবি করেছেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে এ ধরনের যুদ্ধে জড়াতে দেবে না। তিনি বলেন, "আমরা এই মূর্খ, অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি। আমরা নিজেরা এতে অংশ নেবো না। তবে আমরা যে কারও চেয়ে আরও শক্তিশালী হবো। যদি কখনো যুদ্ধ শুরু হয়, এমন কেউ নেই যে আমাদের কাছাকাছি আসতে পারবে।"
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-কে দায়ী করে বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপের তুলনায় ২০০ বিলিয়ন বা ২০ হাজার ডলার বেশি ব্যয় করেছে। তিনি অভিযোগ করেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে শত শত কোটি ডলার বিনিয়োগ করতে রাজি করিয়েছেন, যা জেতা সম্ভব নয়।
এছাড়া, ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচন ছাড়া একজন একনায়ক’ বলে কটাক্ষ করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, "একজন মধ্যম মানের কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে ৩৫০ বিলিয়ন বা ৩৫ হাজার ডলার ব্যয় করতে রাজি করিয়েছেন, যা কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং ইউক্রেনের যা জেতা অসম্ভব।"
এই মন্তব্যের পর তৃতীয় বিশ্বযুদ্ধ ও জেলেনস্কি-কে নিয়ে ট্রাম্পের বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলে তার বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
সূত্র: এএনআই
স্বদেশ প্রতিদিন/এমআর