প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩১ পিএম

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: আজিজুল বেপারী (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মৃত আজিজুল বেপারী রাজবাড়ী সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে এবং সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।
আজিজুলের চাচাতো ভাই আসাদ জানান, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং বুধবার (১২ ফেব্রুয়ারি) সিলেটে ফেরার কথা ছিল। বিকেলে তিনি তার বন্ধু নয়নকে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আজিজুল, নয়ন ও অপর মোটরসাইকেল আরোহী হাসানকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা আজিজুলকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব সরকার জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত হন। তাদের মধ্যে আজিজুল হাসপাতালে আনার আগেই মারা যান, আর নয়ন ও হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর