প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১১:২০ AM আপডেট: ১৯.১২.২০২৪ ১২:১২ PM

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পট্রাক ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজারের পেকুয়ার টৈটং ৭নং ওয়ার্ডের ধনিয়াকাটার মৃত সৈয়দুল আলমের ছেলে সিএনজিচালক মনিরুল মন্নান (২২), মগনামা সোনালী বাজার এলাকার বজল আহমদপর ছেলে আব্দুর রহমান (৩৫), চট্টগ্রামের হাটহাজারীর সমিতির হাট মধ্য মাদার্শার আলীশাহ ফকিরের বাড়ির মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শাহিন আক্তার (২৯) ও তাদের ৬ মাস বয়সী শিশু সন্তান জাহেদুল ইসলাম।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় মিনি ট্রাক (ডাম্প ট্রাক) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। আরও দুইজন আহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর