প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৪:৩৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া কাগজে এক ব্যক্তির বসতবাড়ীর জমি রেজিস্ট্রি করার ঘটনা ফাঁস হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম সিদ্দিকুর রহমান। তিনি নবাবপুর ইউনিয়নের বাসাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরি সভায় জমি ফেরতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।
ভুক্তভোগী বাসাবাড়ী গ্রামের দেলবর আলী মণ্ডলের স্ত্রী মর্জিনা খাতুন বলেন,১৯৯৪ সালের স্থানীয় আক্কাস আলী মণ্ডলের নিকট ৯ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসবাস করছি। সম্প্রতি বসতবাড়ীর ওই জমি মিউটেশন করতে গিয়ে জানতে পারি ২০০০ সালে বিক্রিত একই জমির মালিকের দুই ছেলে শরিফুল মন্ডল ও কালাম মণ্ডলের নামে ভুয়া কাগজ তৈরি করে তাদের নিকট থেকে ১২ শতাংশ জমি রেজিস্ট্রি করে নিয়ে তা মিউটেশন করেছে।
মর্জিনা খাতুনের ছেলে অন্ধ শুকুর বাউল বলেন,ওই জমিতে আমরা বসবাস করছি। বিষয়টি জানতে পেরে মিউটেশন বাতিলের জন্য আবেদন করা হয়েছে। আসলে এ কাজটি কি ঠিক করেছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
স্থানীয়রা জানিয়েছেন,প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান স্কুলের নিয়োগ বাণিজ্য,গোপনে নিকটজনকে নিয়োগ সহ নানা অনিয়ম করে আসছে। বিষয়টি নিয়ে এলাকার লোকজন একাধিকবার অভিযোগ দিয়েও কোন সুফল মেলেনি। বিষয়টি প্রশাসনের নিকট তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে বাসাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান অভিযোগ স্বীকার করে বলেন, ভুলবশত বিক্রি জমি স্কুলের নামে রেজিস্ট্রি হয়েছে। বৃহস্পতিবার স্কুলের জরুরি সভায় তাদের জমি ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর