প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম

খুলনায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে নৌকায় তুলে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাতে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক ঘটনাটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হচ্ছেন—মধুপুর গ্রামের মিকাইল শেখের ছেলে সামিউল শেখ (২৮), মো. আলমগীর কাজীর ছেলে মাজহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহজাহান শরীফ (৩৮)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নদী পার হয়ে দিঘলিয়ায় যাওয়ার জন্য মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন ওই নারী। এ সময় কয়েকজন জেলে তাঁকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন। তবে দিঘলিয়ার দিকে না নিয়ে তাঁকে স্থানীয় শ্যামনগর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।
খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ