প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম

পলাশে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট
নরসিংদীর পলাশে রাতের আঁধারে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির দরজার তালা ও ঘরের আলমারি ভেঙে নগদ ৭ লাখ টাকা এবং ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামে সৌদি প্রবাসী কাওছার মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও প্রবাসীর স্ত্রী নূর বেগম জানান, দুই দিন আগে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান তিনি। যাওয়ার আগে বাড়ির দরজায় তালা লাগিয়ে যান। মঙ্গলবার সকালে তাঁর শ্বশুর ফোন করে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানান। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে এসে দরজার তালা ভাঙা দেখতে পান তিনি।
পরে ঘরের ভেতরে গিয়ে দেখেন, দুটি কক্ষের আলমারি ভাঙচুর করা হয়েছে। সেখান থেকে নগদ ৭ লাখ টাকা ও প্রায় ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোরেরা।
এদিকে, চুরির খবর পেয়ে পলাশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাসীর বাড়িতে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ