প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৩২ পিএম

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন, নিয়মিত টহল বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান ইউএনও আরিফ উল্লাহ নিজামী।
এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেহেনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম তৌহিদুল আলম মামুন, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আমিনুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা প্রেসক্লাবের জাহাঙ্গীর আলম এবং ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ