
দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং তা রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম করেছে। নানা বাধা ও প্রতিকূলতার মধ্যেও সেই লড়াই অব্যাহত ছিল। দীর্ঘ সময়ের ত্যাগের পর গণতান্ত্রিক পরিবেশ তৈরির যে সুযোগ এসেছে, তা কোনোভাবেই অবহেলার কারণে নষ্ট হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, বহু ত্যাগ, রক্তপাত ও মানুষের প্রাণের বিনিময়ে একটি ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরির সুযোগ এসেছে। এখন সেই সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারের সামনে এখন বড় দায়িত্ব হলো ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা এবং মানুষের প্রত্যাশা পূরণ করা।
গত ১৫-১৬ বছরকে দেশের ইতিহাসের একটি জটিল সময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ে গণতন্ত্রের জন্য রাজনৈতিক নেতা-কর্মীদের দীর্ঘ আন্দোলন করতে হয়েছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়েই এখন গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করার সুযোগ তৈরি হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, শুধু নির্বাচন আয়োজন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে। সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং সরকার ও বিরোধী দলের মধ্যে থাকা মতপার্থক্য আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে।
সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা বলেও উল্লেখ করেন তিনি। সংসদ যেন যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে এবং বিভিন্ন বিষয়ে থাকা মতবিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হয়, সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আগামী দিনের দায়িত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াই হয়েছে, এখন দেশের পুনর্গঠন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য নতুন লড়াই শুরু হয়েছে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তোলার দায়িত্বও রয়েছে।
জাতীয় স্বার্থের বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে সরকার ও বিরোধী দল থাকবে এবং বিভিন্ন বিষয়ে মতপার্থক্যও থাকবে। তবে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
সিলেটের মানুষের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এ অঞ্চলের মানুষের মধ্যে অতিথিপরায়ণতা ও শান্তিপ্রিয়তার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ঐতিহ্যও রয়েছে। গণতন্ত্রের জন্য সিলেটের মানুষ অতীতেও গুরুত্বপূর্ণ ত্যাগ স্বীকার করেছেন।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা এ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছেন। এরই মধ্যে বেশ কিছু বড় প্রকল্প সামনে এসেছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, নিজেদের দাবি আদায় এবং নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে হবে। অন্য কেউ এসে দেশের মানুষের হয়ে সবকিছু করে দেবে—এমন প্রত্যাশা করা ঠিক নয়।
অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে রাষ্ট্রপতি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, হাছন রাজা, রাধারমণ দত্ত, সুফি সাধক শাহ আবদুল করিম, হেমাঙ্গ বিশ্বাস ও সৈয়দ মুজতবা আলীর মতো সিলেটের কৃতী ব্যক্তিদের স্মরণ করেন।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জিকে গউছসহ অন্যরা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ