শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ ও উপযুক্ত শিক্ষার আহ্বান ডা. জুবাইদা রহমানের
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের জন্য উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন ও এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশুদের দেশের ভবিষ্যৎ ও 'আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক' হিসেবে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, যেকোনো আকাঙ্ক্ষার জন্য মুক্ত আকাশই শেষ সীমানা। শিশুদের মেধা ও মনন বিকাশে অতীতে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং কন্যা শিশুদের উচ্চশিক্ষা অবৈতনিক করার ঐতিহাসিক পদক্ষেপগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, প্রতিটি শিশুর জন্য সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বন্দোবস্ত এবং প্রকৃতির মাঝে খেলাধুলার সুযোগ সৃষ্টি করা আমাদের সকলের দায়িত্ব। দেশের কোনো শিশু-কিশোর যেন অবহেলায় ঝরে না পড়ে এবং প্রত্যেকেই যেন পরিবারের কাছে সুরক্ষিত থাকে, সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন।
এর আগে ডা. জুবাইদা রহমান ব্লু স্কাই স্কুল ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও ফ্যাশন শোসহ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে নারীদের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) বিভিন্ন মানবিক উদ্যোগ ও হস্তশিল্প প্রশিক্ষণের ভূয়সী প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাফওয়া ও আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ। অনুষ্ঠান শেষে বাফওয়া এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ডা. জুবাইদা রহমানের হাতে শুভেচ্ছা স্মারক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ছবি তুলে দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি