বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ পিএম আপডেট: ১৪.০৯.২০২৬ ৭:২৬ PM

শিল্প খাতে গ্যাসের সরবরাহ আগামীকাল সন্ধ্যা থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

সভায় ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করেন। তারেক রহমান বলেন, ছয় মাস বা এক বছরের মধ্যে এত বড় সংকট পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পনা নিয়েছে এবং এখন সেগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

বর্তমান গ্যাস সংকটের কারণ হিসেবে দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর ফলে শিল্পসহ বিভিন্ন খাতে গ্যাস সরবরাহে প্রভাব পড়ে। তবে দুর্ঘটনাজনিত সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আমরা আশা করছি, আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাসের সরবরাহ এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে।’ পাশাপাশি গ্যাসের ঘাটতি মোকাবিলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগের কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জিটুজি ভিত্তিতে তৃতীয় টার্মিনাল স্থাপনের প্রস্তুতি গত এক মাসে অনেকটাই এগিয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এই টার্মিনালকে সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিদ্যুৎ খাতের সংকটও দীর্ঘদিনের বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর সমস্যাগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছে এবং সমাধানের জন্য পরিকল্পনা তৈরি করেছে। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।

সরকারের পরিকল্পনাগুলোর সম্ভাব্য সময়সীমাও সভায় ব্যবসায়ী নেতাদের সামনে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাস্তবায়নের সময় কিছুটা কম-বেশি হতে পারে, তবে সরকারের সামনে সুনির্দিষ্ট পরিকল্পনা ও সময়সীমা রয়েছে।

ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে তিনি বলেন, শিল্প ও ব্যবসা খাত ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়ে। তাই বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান শুধু ব্যবসায়ীদের স্বার্থের বিষয় নয়, এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সঙ্গেও জড়িত।

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য পূরণে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্য সামনে রেখে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

বর্তমান পরিস্থিতিতে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকার সমস্যার ব্যাপ্তি ও জটিলতা গোপন না করে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সামনে তুলে ধরেছে। একই সঙ্গে কীভাবে এসব সমস্যা সমাধান করা হবে, সেই পরিকল্পনাও জানানো হয়েছে।

সরকারের পরিকল্পনা যৌক্তিক মনে হলে তা বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে শুধু ব্যবসায়ী সম্প্রদায় নয়, পুরো দেশ ও জাতি উপকৃত হবে।

দেশে অস্থিতিশীলতা তৈরি হলে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি। তার মতে, জনগণ সময়মতো ঠিক করবে কাকে সরকার পরিচালনার দায়িত্ব দেবে। তবে যে সরকারই দায়িত্বে থাকুক, তাকে পরিকল্পিত কাজগুলো সম্পন্ন করার সুযোগ দেওয়া প্রয়োজন।

গণমাধ্যমের প্রতিনিধিদের সভায় আমন্ত্রণ জানানোর কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা ও উদ্দেশ্য গণমাধ্যমের কাছে স্পষ্ট থাকা জরুরি। এতে বিভ্রান্তি কমবে এবং গণমাধ্যমও দেশবাসীর কাছে সরকারের পরিকল্পনা সঠিকভাবে তুলে ধরতে পারবে।

সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবসায়ী নেতা, গণমাধ্যমকর্মী ও মিডিয়া ব্যক্তিত্বরা মতবিনিময়ে অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, বড় কোনো কাজ সফল করতে কার্যকর দলগত প্রচেষ্টা প্রয়োজন। সরকারের সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করছেন এবং পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনাই তাদের লক্ষ্য।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  গ্যাস সরবরাহ তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close