
দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতিতে লোডশেডিংয়ের চাপ কমাতে এবং বিদ্যুৎ অপচয় রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিভিন্ন এলাকার দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, আবাসিক ভবন ও জনসমাগমস্থলে গিয়ে অপ্রয়োজনীয় বাতি, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার বিষয়ে মানুষকে সরাসরি সচেতন করছেন বাহিনীর সদস্যরা।
আনসার ও ভিডিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাহিনীর এই উদ্যোগের অংশ হিসেবে রংপুরের বদরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড দলনেতার নেতৃত্বে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণার সময় বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে আনসার-ভিডিপির সদস্যরা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার আহ্বান জানান। পাশাপাশি আবাসিক ভবন ও জনসমাগমস্থলেও বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
প্রচারণাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। অনেকেই তাৎক্ষণিকভাবে অপ্রয়োজনীয় বাতি, ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা আনসার-ভিডিপির এমন উদ্যোগের প্রশংসা করেন।
আনসার-ভিডিপির সদস্যরা জানান, এই প্রচারণার উদ্দেশ্য শুধু লিফলেট বিতরণ বা সাময়িকভাবে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো নয়। বরং মানুষের মধ্যে এমন সচেতনতা তৈরি করা, যাতে তারা নিয়মিতভাবে বিদ্যুৎ অপচয় রোধে ভূমিকা রাখেন।
তাদের মতে, একজন নাগরিকের ছোট্ট সাশ্রয়ী উদ্যোগও সম্মিলিতভাবে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে অপ্রয়োজনীয় বাতি, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার মতো সহজ অভ্যাস বিদ্যুতের ওপর চাপ কমাতে সহায়ক হতে পারে।
স্থানীয় বাসিন্দারাও মনে করেন, বিদ্যুৎ সাশ্রয় শুধু সরকারের একার দায়িত্ব নয়। বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়া এবং প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার বন্ধ রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি জনগণও যদি নিজেদের অবস্থান থেকে বিদ্যুৎ অপচয় রোধে এগিয়ে আসে, তাহলে চলমান পরিস্থিতিতে বিদ্যুতের ওপর চাপ কমানো সম্ভব হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবার জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে তাদের এই প্রচারণা জনসচেতনতা তৈরিতে নতুন মাত্রা যোগ করেছে।
বাহিনীর সদস্যরা আশা করছেন, তাদের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিদ্যুৎ ব্যবহারে দায়িত্বশীলতা আরও বাড়বে। পাশাপাশি অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করার অভ্যাস গড়ে উঠলে সামগ্রিকভাবে বিদ্যুৎ সাশ্রয় এবং লোডশেডিংয়ের চাপ কমাতে তা ইতিবাচক ভূমিকা রাখবে।
জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে আনসার-ভিডিপির এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বদেশ প্রতিদিন/এস পি