প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৫ পিএম

অধিকৃত পশ্চিম তীরের ই১ এলাকায় ইসরাইলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ড অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতা আরও ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে এটি একটি কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকেও আরও সংকুচিত করছে।
বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের আইনসম্মত ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অধিকার। এই অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই ফিলিস্তিনি রাষ্ট্রসত্তাকে ক্ষুণ্ণ করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করছে ঢাকা।
এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত, ব্যাপক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিবৃতিতে বাংলাদেশ আরও জানায়, ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে ঢাকা। তাদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার এবং রাষ্ট্রসত্তার আইনসম্মত আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে। একই সঙ্গে ইসরাইলের দখলদারিত্ব ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের নীতিরও নিন্দা জানিয়ে আসছে ঢাকা।
স্বদেশ প্রতিদিন/এস পি