প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ২:৪৭ PM

বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে চলমান সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সৌদি আরব অবস্থানকালে নৌবাহিনী প্রধান দেশটির বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও জোরদার করা, প্রশিক্ষণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন তিনি।
নৌবাহিনী প্রধানের এই সফরকে দুই দেশের প্রতিরক্ষা ও নৌ সহযোগিতা আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের নৌবাহিনীর মধ্যে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।
আইএসপিআর আশা করছে, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সৌদি আরব সফর দুই দেশের বিদ্যমান পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
স্বদেশ প্রতিদিন/আরএম