প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১:২৫ পিএম

সংগৃহীত ছবি
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের খবর পাওয়ার পরই সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি দ্রুত শনাক্ত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে মাঠে নেমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা জানান, জনগণের নিরাপত্তা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে যেসব ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ সাড়া দিচ্ছে বলেও বার্তায় উল্লেখ করা হয়। একই সঙ্গে জনগণকে গুজব বা ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, প্রয়োজন হলে সরকারি চ্যানেল এবং হটলাইনের মাধ্যমে নির্দেশনা ও আপডেট জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন।