প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই অ্যাপ উদ্বোধন করেন।
নতুন এই প্রক্রিয়ায়, অ্যাপে নিবন্ধন শেষে ভোটারদের শুধু প্রার্থী প্রতীকের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকবে। ভোটাররা ব্যালট পেপারে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন। এছাড়া ‘না’ ভোটের সুবিধাও থাকবে। যদি কোনো আসনে একজন প্রার্থী থাকেন, সেই আসনের ভোটাররা শুধুমাত্র ‘না’ ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে প্রবাসী ভোটাররা পর্যায়ক্রমে নিবন্ধন করতে পারবেন। বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে।
পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২টি দেশে ভোটাররা ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশানিয়া অঞ্চলের দুটি দেশে নিবন্ধনের সময় ২৪–২৮ নভেম্বর। ইউরোপের ৪২টি দেশে নিবন্ধন হবে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত।মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হবে ৪ ডিসেম্বর এবং চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
ব্যালট পেপার প্রেরণের সময় সঙ্গে থাকবে একটি ঘোষণাপত্র। ভোটারকে ব্যালটের পাশাপাশি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে, যাতে নিশ্চিত হয় যে ভোটটি প্রাপক নিজেই পাঠিয়েছেন। যদি কোনো ভোটার ব্যালট পাঠান কিন্তু ঘোষণাপত্রে স্বাক্ষর না করেন, তাহলে ওই ভোট বাতিল হিসেবে গণ্য করা হবে।
প্রবাসী ভোটারদের পাশাপাশি এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং দেশের ৭১টি কারাগারে থাকা বন্দিরা। তাদের জন্যও আলাদা নিবন্ধন ব্যবস্থা থাকবে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও প্রবাসী ভোটার প্রকল্পের পরিচালক কে এম আলী নেওয়াজ বলেছেন, “চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রবাসী ভোটাররা অ্যাপের মাধ্যমে নিজের আসনের প্রার্থীদের তালিকা দেখতে পারবেন এবং পছন্দের প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন।”
প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, “ভোট দেওয়ার পর ব্যালট রিটার্ন খামে ভরে কাছাকাছি পোস্ট অফিসে পাঠানো হবে। পূর্বেই ডাকের খরচ মেটানো থাকবে, তাই ব্যালট নিরাপদে দেশে পৌঁছাবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ