প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২:২৪ পিএম

বিভিন্ন ব্যাংক থেকে লুট করা অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ ককটেল কিনে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, “বিগত ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে, যারা নির্দেশ দিয়েছে তারাই এখন লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুট করা টাকা দিয়ে ককটেল কেনা হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পে আত্মসাৎ করা অর্থ থেকেই নাশকতার অর্থায়ন করা হচ্ছে। রিজভীর ভাষ্য, “আগুন সন্ত্রাসের সঙ্গে গণতন্ত্রকামী মানুষ ও বিএনপির কোনো সম্পর্ক নেই। আগুন সন্ত্রাস কারা করে তা এখন দৃশ্যমান।”
শেখ হাসিনার ‘অপরাধের’ বিচার হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে রিজভী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণে নিয়ে অপপ্রচার চালিয়েছে। শেখ হাসিনা আমলের মতো নির্দেশিত আদালত আর হবে না এটাই জনগণের বিশ্বাস।”
দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সব দলের মানুষ মত প্রকাশের স্বাধীনতা পাবে এবং ভোট হবে নির্বিঘ্ন, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক।”
ভারতে অবস্থান করে শেখ হাসিনার ‘নির্দেশনা দেওয়া আইনসম্মত নয়’ দাবি করে রিজভী প্রশ্ন তোলেন, “ভারত কেন সেটি হতে দিচ্ছে? অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ দিচ্ছে। এটি বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখছে না।”
এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন (২০ নভেম্বর) উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান রিজভী। তিনি বলেন, “কেউ অনুষ্ঠান আয়োজনের চিন্তা করলে সেই অর্থ দান করে দিতে হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে