প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৩৮ পিএম

সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাসভবনে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরের ২ নম্বর গেটের চশমা হিল এলাকায় পাঁচলাইশ থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিদের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। অভিযান শেষে বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানটি মূলত একটি ফেসবুক পোস্টের সূত্রে পরিচালনা করা হয়েছে, যেখানে আগামীকাল (১৩ নভেম্বর) আওয়ামী লীগের কার্যক্রমে যোগ দেওয়ার জন্য কয়েকজন এখানে জড়ো হওয়ার কথা বলা হয়েছিল।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, ছাত্রলীগের কিছু লোক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করতে পারে, এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। আটক সাতজনকে থানায় নেওয়া হয়েছে এবং তাদের সম্পর্কে যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।