প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:১১ পিএম

সংগৃহীত ছবি
সরকার যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি মেয়াদের সাজাপ্রাপ্তদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় কারাভোগ করেছেন, এমন ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন নং ১৪৩ জারি করেছে। কারা অধিদফতর জানিয়েছে, আগামী এক-দুই দিনের মধ্যেই সিদ্ধান্তটি কার্যকর হবে।
বন্দিদের তালিকা চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের কমিটি। জেলা কারাগারের সুপারিশ ও প্রতিবেদন যাচাইয়ের পর এই তালিকা প্রস্তুত করা হয় বলে কারা অধিদফতর নিশ্চিত করেছে।
কারা অধিদফতরের তথ্য অনুযায়ী, কারাবিধির ৫৬৯ ধারা অনুসারে এই ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সকলেই রেয়াতসহ কমপক্ষে ২০ বছর সাজা ভোগ করেছেন।
কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত–উল ফরহাদ বলেন, “যাদের সাজা ছিল ৩০ বছর বা যাবজ্জীবন, তাদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর পূর্ণ করেছেন, তাদের মামলাগুলো বিচারিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বয়স, আচরণ ও অন্যান্য বিষয় বিবেচনা করেই সরকার তাদের অবশিষ্ট সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরও জানান, এই সিদ্ধান্ত অনুযায়ী মোট ৩৭ জন বন্দি মুক্তি পাচ্ছেন। কারও অবশিষ্ট সাজা ছিল ১০ বছর, কারও ৭ বা ৬ বছর সবকটিই মওকুফ করা হয়েছে।
জান্নাত–উল ফরহাদ বলেন, এই তালিকায় কোনো নারী বন্দি নেই, যদিও প্রাথমিক প্রস্তাবে নারী ও পুরুষ উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছিল। মুক্তিপ্রাপ্তদের বেশিরভাগই হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং তারা দেশের বিভিন্ন কারাগারে দীর্ঘ সময় ধরে সাজা ভোগ করছিলেন।