প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:৪৪ AM

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে ইহকাল ও পরকালে সফলতা অর্জন সম্ভব। তিনি বলেন, “ইবাদত কবুলের প্রধান শর্ত হলো হালাল পথে উপার্জন। হারাম পথে অর্জিত ধন-সম্পদে বর্ধিত শরীর বেহেশতে প্রবেশ করবে না।”
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা বলেন, “রাসুল (সা.)-এর জীবনই মানবতার আলোকবর্তিকা। আমরা যদি তাঁর জীবনাদর্শ অনুসরণ করি, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে এবং ইহকাল-পরকাল উভয় জগতেই কল্যাণ লাভ করব।”
তিনি আরও বলেন, “পাপ মানুষকে ধ্বংস করে দেয়। তাই পাপ করলে অবশ্যই তার প্রায়শ্চিত্ত করতে হবে। পদস্খলন ঘটলে তওবা করে সৎপথে ফিরে আসতে হবে।”
হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ হোসেন বলেন, “হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না। এমন সম্পদে লালিত শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নামাজ, রোজা, হজ বা জাকাত—কোনোটিই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।”
তিনি সততা, সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনের আহ্বান জানিয়ে বলেন, “সব কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পুণ্যের জন্য আছে পুরস্কার, আর পাপ করলে কঠিন শাস্তি অনিবার্য। দুদকের হাত থেকে কেউ বাঁচতে পারলেও আল্লাহর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির সভাপতি মেজর (অব.) এ মতিন চৌধুরী। সহসভাপতি লুৎফুল কবির সাদীসহ অন্যান্যরা আলোচনায় অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে