ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তখন ওই ব্যক্তির পাশে কাঁদতে থাকা তার মেয়েকে কেউ একজন চড় মারে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী দুই পক্ষের সংঘর্ষে মো. জাহিদ নামে এক তরুণ নিহত হন। এ ঘটনায় রাতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। জাহিদ হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় রুস্তম নামে এক ব্যক্তিকে, যার মেয়েকে নিয়ে ঘটনাটি ঘটে।
ভিডিওতে দেখা যায়, পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার সাত-আট বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরেছে। একপর্যায়ে উপস্থিত কেউ শিশুটির গালে চড় মারলে মেয়েটির কান্না আরও বেড়ে যায়। এরপর শিশুটিকে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। গ্রেপ্তারের সময় শিশুটি বাবার কাছে চলে আসে, তখন কেউ একজন তাকে চড় মারে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে অনেকে শিশুটিকে চড় মারার জন্য পুলিশের সমালোচনা করছেন। কেউ মন্তব্য করেছেন, ‘যে চড়টা মেরেছে, নিশ্চয় সে কোনো সন্তানের বাবা না।’ আবার কেউ একে পুলিশের বেখেয়ালি বলেও মন্তব্য করছেন।