প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ২:০৪ AM

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীরা বিক্ষোভ করেন। তারা অবিলম্বে ‘নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা-২০২৫’ অনুমোদন এবং অধিযাচিত শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি জানান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তারা বাংলামোটরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ফার্মগেট ও শাহবাগমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে ১১টা পর্যন্তও তারা সড়কে অবস্থান করেন।
বিক্ষোভকারীদের দাবি, বিসিএস নন-ক্যাডার নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদনে অযথা দেরি করা হচ্ছে এবং দীর্ঘদিন অপেক্ষার পরও যোগ্য প্রার্থীদের সুপারিশ থেকে বঞ্চিত করা হচ্ছে। এসব কারণেই তারা মাঠে নামতে বাধ্য হয়েছেন।
এর আগে সকালে আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে দেয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তারা দাবি করেন, ওই সময় মারধরের ঘটনাও ঘটেছে।
একজন আন্দোলনকারী বলেন, “এনসিপি একটি তারুণ্যনির্ভর রাজনৈতিক দল। তাই আমরা আশা করি, তারা আমাদের ন্যায্য আন্দোলনে পাশে থাকবে।”
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, “বাংলামোটরে সড়কের পূর্ব পাশে প্রায় ২০ থেকে ২৫ জন বিক্ষোভকারী অবস্থান করছেন। এতে সড়কের এক পাশ বন্ধ থাকলেও অন্য পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
তবে এ বিষয়ে এনসিপির কোনো দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ