প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৯:৩২ পিএম

দেশের স্বর্ণ বাজারে নতুন রেকর্ড তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির কারণে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম পুনর্নির্ধারণ করেছে। এতে ২২ ক্যারেট সোনার ভরি প্রথমবারের মতো ২ লাখ ১৭ হাজার টাকার ঘর অতিক্রম করেছে।
রবিবার (১৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। নতুন দামের ফলে ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়। এই দাম আগামীকাল সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ক্রেতাদের চাহিদা বৃদ্ধির প্রভাবেই এ সমন্বয় আনা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকায় বিক্রি হবে। তবে সোনার সঙ্গে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমান তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপা ভরি ৬ হাজার ২০৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরি ৩ হাজার ৮০২ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ছুঁয়েছে নজিরবিহীন উচ্চতা। যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা ও আংশিক সরকারি কার্যক্রম বন্ধের আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকছেন। এর প্রভাবেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ২৪০ ডলার ছাড়িয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ