প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩:২০ AM

চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা পাচ্ছেন চার দিনের দীর্ঘ ছুটির সুযোগ। সাপ্তাহিক ছুটি ও ঐচ্ছিক ধর্মীয় ছুটি মিলিয়ে পরিবার বা নিজস্ব সময় কাটানোর সুবিধা তৈরি হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন। এ ছুটি পেতে বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
এইবার ২০ অক্টোবর শ্যামা পূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি রয়েছে। সেইদিন সোমবার হওয়ায়, এর আগে ১৭ অক্টোবর শুক্রবার ও ১৮ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৯ অক্টোবর রবিবার ১ দিনের ছুটি নিলে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের বিশ্রামের সুযোগ মিলবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, বিভিন্ন ধর্মের সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির সীমা নিম্নরূপ—
• মুসলিম কর্মচারীরা ৫টি ধর্মীয় পর্বের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।
• হিন্দু ধর্মাবলম্বীরা ৮টি ধর্মীয় পর্বের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।
• খ্রিস্টান ধর্মাবলম্বীরা ৭টি পর্বে সর্বোচ্চ ৩ দিন।
• বৌদ্ধ ধর্মাবলম্বীরা ৬টি পর্বে সর্বোচ্চ ৩ দিন।
ঐচ্ছিক ছুটি নিতে হলে তা অবশ্যই বাৎসরিক ছুটির তালিকায় থাকা ধর্মীয় পর্বের সঙ্গে মিল থাকতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সাধারণ বা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ছুটি গ্রহণ করা যায়।
এই সুবিধা শুধুমাত্র সেই হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য, যাদের বাৎসরিক ছুটির তালিকায় শ্যামা পূজার দিনটি অন্তর্ভুক্ত এবং যারা আগেই ঐচ্ছিক ছুটির অনুমোদন পেয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ