
রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির ডিমের দাম, পাশাপাশি শীতকালীন শাক-সবজির বাজারও চড়া রয়েছে। বিশেষত, সব ধরনের সবজি এবং মাছের দাম তুলনামূলক বেশি থাকার কারণে ডিমের চাহিদা বেড়েছে এবং দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। খুচরা বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, এখন বাজারে সবজি ও মাছের দাম বেশ বাড়তি। এরই মধ্যে ডিমের দাম প্রতি ডজনে ৫ টাকা বাড়িয়ে লাল ডিম ১৪৪ টাকা এবং সাদা ডিম ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ঘুরে দেখা গেছে, বিভিন্ন শাক-সবজির দামও বেশ চড়া। বর্তমানে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়, গাজর ১৬০ টাকায়, শিম ২২০ টাকায়, করলা ১০০ টাকায়, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকায়, পেঁপে ৪০ টাকায়, পটোল ৭০ টাকায় এবং মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম ৮০ টাকা প্রতি কেজি, বেগুন ৮০-১২০ টাকা, কচুর মুখী ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, আলু ২৫ টাকা এবং শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম বর্তমানে কেজি প্রতি ২০০ টাকা।
এদিকে মাছের বাজারেও দাম কিছুটা বেড়েছে। বর্তমানে বাজারে বোয়াল মাছ প্রতি কেজি ৮০০-১০০০ টাকায়, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, চাষের রুই ৩০০-৪৫০ টাকা, কাতল ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া তেলাপিয়া ১৮০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, চাষের ট্যাংরা ৬০০ টাকা, পাবদা ও শিং ৪০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকায়, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকায়, লাল লেয়ার মুরগি ৩২০ টাকায় এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া, সয়াবিন তেলের দাম এখনো আগের মতোই রয়েছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, ব্যবসায়ীদের ঘোষিত নতুন দরের সয়াবিন তেল এখনও বাজারে আসেনি। বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৯ টাকায়, আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২২ টাকা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে