প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৫২ পিএম

সংগৃহীত ছবি
এবার দাবি আদায় করতে মাঠে নেমেছেন ‘জুলাই শহীদের পরিবার ও আহত’ ব্যক্তিরা। আজ সকাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। এখানেই বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ‘জুলাই সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে তারা মঞ্চের সামনে অতিথিদের জন্য সাজানো চেয়ারে বসে অবস্থান নেন। মঞ্চ ও অতিথিদের আসনের মাঝখানে পুলিশের অবস্থান লক্ষ্য করা যায়। বেলা সোয়া ১১টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।
গত রাত থেকেই জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু হয়। আজ সকালে বিক্ষোভকারীরা সংসদ ভবনের ফটক পেরিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দিতে চেষ্টা করলেও তারা অতিথিদের জন্য নির্ধারিত চেয়ারে বসে অবস্থান অব্যাহত রাখেন।
বিক্ষোভকারীদের দাবি:
১. শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।
২. শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
তাদের দাবি, এই দুই বিষয় ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্ত করা হোক।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম সাংবাদিকদের জানান, বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়েছিল, তবে তারা জানিয়েছেন– দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরে যাবেন না। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করছেন। আলোচনার ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।