প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:৩১ পিএম

সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ৬ অক্টোবর প্রকাশিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়ে এই নোটিশ দেওয়া হয়।
একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, জনপ্রশাসন সচিব এবং বিজ্ঞপ্তিতে সই করা সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও নোটিশের বিবাদী করা হয়েছে।
মাউশির পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার সাবেক পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর (অবসরোত্তর ছুটিতে) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কায়সারউজ্জামান এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার না করা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর মাউশির মহাপরিচালক পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তারা সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীদের সৎ, দায়িত্বশীল ও প্রশাসনিক কাজে দক্ষ হওয়ার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে কৃতিত্বের স্বাক্ষর থাকতে হবে।