প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:০৯ AM

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, গণভবন কখনোই সরকারিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না। শুক্রবার (৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, গণভবন মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন হিসেবে ব্যবহৃত হত, পরে এটিকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রূপান্তরিত করা হয়। একই স্থানে কয়েকবার গুম, খুন, লুটপাট এবং জুলাই হত্যাযজ্ঞের পরিকল্পনাও হয়েছিল।
আজাদ মজুমদার উল্লেখ করেন, ইতিহাসে এমন অনেক স্থান পরে জাদুঘর হিসেবে সংরক্ষিত হয়েছে। উদাহরণস্বরূপ, পোল্যান্ডের নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প, হিরোশিমায় পারমাণবিক হামলার স্থান এখন শান্তি পার্ক ও জাদুঘর, ভিয়েতনাম যুদ্ধের কু চি টানেল নেটওয়ার্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের গেটিসবার্গ ব্যাটেলফিল্ড এবং দক্ষিণ আফ্রিকার রোবেন আইল্যান্ডের কারাগার এখন গুরুত্বপূর্ণ জাদুঘর।
তিনি আরও বলেন, প্যারিসের বাস্তিল দুর্গের কিছু অংশ ফরাসি বিপ্লবের জাদুঘর হিসেবে সংরক্ষিত, ভারতে ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ গণহত্যার স্থান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর, এবং আমস্টারডামে অ্যানা ফ্রাঙ্কের লুকানোর স্থানও এখন জাদুঘর। গণভবন জাদুঘর হলে সমস্যার জন্ম হবে তাদের কাছে, যারা জুলাই হত্যাযজ্ঞকে ছোট ঘটনা মনে করে বা আশায় আছে সেই হত্যাকারীরা ফিরে আসবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ