প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৯ পিএম

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা আড়ংয়ের করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের সোমবার (২৯ সেপ্টেম্বর) একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে আড়ংকে কাগজের শপিং ব্যাগের জন্য গ্রাহক থেকে মূল্য নেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনজীবীর বক্তব্যে বলা হয়, তিনি একজন নিয়মিত আড়ং গ্রাহক। বিগত বহু বছর ধরে আড়ং থেকে কেনাকাটা করে আসার পর সম্প্রতি মগবাজার আউটলেটে বিল পেমেন্ট করতে গিয়ে জানতে পারেন, কেনাকাটার সঙ্গে আর কোনও ব্যাগ ফ্রি দেওয়া হচ্ছে না। বর্তমানে কাগজের ব্যাগের জন্য আলাদা চার্জ নেওয়া হচ্ছে।
আড়ংয়ের লিফলেটে বলা হচ্ছে, ব্যাগের উপর সীমিত চার্জ প্রযোজ্য এবং ব্যাগ বিক্রি থেকে প্রাপ্ত অর্থ স্থানীয় গাছ লাগানোর প্রকল্পে ব্যয় করা হবে। তবে আইনজীবী নোটিশে উল্লেখ করেছেন, এই ধরনের প্রচারণা গ্রাহকের জন্য অযৌক্তিক এবং প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যহীন।
নোটিশে আরও বলা হয়, আড়ংয়ের ব্যাগের মান খুবই নিম্নমানের। এটি রিসাইকেল পেপার দিয়ে তৈরি, যা একবার ব্যবহার হওয়ার পর দ্রুত অনুপযোগী হয়ে যায়। তাই গ্রাহককে মূল্য দিতে বাধ্য করা একটি অসাধু ব্যবসায়িক কৌশল হিসেবে দেখা যায়।
আইনজীবী নিশাত ফারজানা বলেন, ব্যাগের মূল্য সংযোজনের আগে যদি আধুনিকতা ও সৃজনশীলতার ছাপ থাকত, তাহলে গ্রাহক স্বাচ্ছন্দ্যে মূল্য দিতে পারত। কিন্তু আড়ংয়ের ব্যাগে কেবল লোগো থাকায় গ্রাহককে বাধ্য করা হচ্ছে, যা অনৈতিক।
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি আড়ংয়ে ‘রিইউজেবল ফেব্রিক ব্যাগস’ প্রচার শুরু হয়েছে। সেগুলোর মূল্য অত্যন্ত বেশি এবং সাইজ ছোট হওয়ায় একাধিক পণ্য কিনলে একাধিক ব্যাগ কিনতে হয়। এটি সাধারণ আয়ের মানুষের জন্য চাপ সৃষ্টি করছে।
নোটিশে বলা হয়েছে, আড়ং দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড। পরিবারের কেনাকাটা এবং উপহার দেয়ার জন্য এটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কিন্তু এই ধরনের ব্যাগের জন্য মূল্য নেওয়া গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং অস্বচ্ছ ব্যবসার পরিচয় বহন করে।
অ্যাডভোকেট নিশাত ফারজানা নোটিশে আরও উল্লেখ করেছেন, নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে ব্যাগের বিপরীতে মূল্য নেওয়া বন্ধ না করলে বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ