প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী চরাঞ্চল থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ট্রলারসহ ৫ শ্রমিককে আটক করেছে দুমকি থানা পুলিশ।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীর চরাঞ্চলে এই অভিযান চালানো হয়। আটককৃত পাঁচ শ্রমিক হলেন, নাসির হাওলাদার (৩৫), নুর হোসেন (২৯), আবুল বাসার (৪০), আবদুস ছালাম (৪৫) ও মো সহিদুল (৪০) তারা সবাই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নায়ঙ্গল গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটার সরঞ্জাম এবং ট্রলারসহ এই ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। তবে মাটি কাটার মূল হোতা বা প্রভাবশালী ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র চরাঞ্চল থেকে মাটি কেটে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছে। এর ফলে কৃষিজমি এবং জনবসতিপূর্ণ এলাকা নদী ভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছে।”
তাই তারা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, “আটক শ্রমিকদের বিরুদ্ধে খনিজ সম্পদ ও পরিবেশ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটায় ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”