প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম

ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এক-এগারোর মতো ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরানোর চেষ্টা চলছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের সাংগঠনিক কার্যক্রম চলাকালীন সময়ে বিএনপিকে সরাসরি টার্গেট করা হয়েছে। একে আমরা ‘ওয়ান-ইলেভেন’ ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করতে পারি।
তিনি আরও সতর্ক করে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। দুর্গাপূজা ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে। এজন্য তিনি দলীয় নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় অবস্থান রাখতে নির্দেশ দিয়েছেন।
রিজভী অভিযোগ করেন, এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদেরও অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) হিসেবে রাখা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
স্বদেশ প্রতিদিন/শাহো