প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম

ফাইল ছবি
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ (বুধবার) ভোর সাড়ে পাঁচটায় ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
মরহুমের জানাজা আজ সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জানাজায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা, সদস্য, মরহুমের সহকর্মী ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে আইজিপি বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মো. জালাল উদ্দিন ১৯৭৩ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মনসুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মো. জালাল উদ্দিনের মৃত্যুতে আইজিপি বাহারুল আলম ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অতিরিক্ত ডিআইজি গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে।
স্বদেশ প্রতিদিন/শাহো