প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৫ AM আপডেট: ১৪.০৯.২০২৫ ১:১২ এএম

ফাইল ছবি
সম্প্রতি বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে উত্তেজনাকর স্লোগান দেওয়ার পর আলোচনায় আসা ফারজানা তমা এবার চাঁদাবাজির মামলায় পুলিশের হাতে ধরা পড়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। উত্তরা পশ্চিম থানায় এক পরিবার ফারজানার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ফারজানা তমাসহ দুজনকে আটক করে আদালতে পাঠায়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ১১ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিটে আসামি এইচএম ওসমান রেজা, তানজিল, ফারজানা তমাসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন। পূর্বের একটি মামলায় আপস করিয়ে দেওয়ার কথা বলে বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে তারা ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। হুমকির মুখে বাদী বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে ৫ লাখ ৫০ হাজার টাকা আসামিদের হাতে তুলে দেন।
ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন। অভিযোগে আরও বলা হয়, আসামিরা অবশিষ্ট ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ না করলে বাদী ও তার পরিবারকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বলে হুমকি দিতে থাকেন।
একই দিন রাতেই উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় গিয়ে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দেন আসামিরা। সেখানে দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে রক্ষা করার শর্তে তারা ১০ লাখ টাকা দাবি করেন। ওই সময় ভুক্তভোগীরা ৫ লাখ ৫০ হাজার টাকা দিলেও, বাকি টাকা পরের দিন (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার মধ্যে পরিশোধের জন্য চাপ দেন।
ঘটনার পর রাতেই পুলিশ বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে সমন্বয়ক তানজিল ও ফারজানা তমাকে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া এই তিনজনই কিছুদিন আগে সেগুনবাগিচায় মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও করেছিলেন। আর যিনি ফজলুর রহমানকে নিয়ে স্লোগান দিয়েছিলেন, তিনিই হচ্ছেন সমন্বয়ক ফারজানা তমা।
উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো