প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪১ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ৩:০৪ PM

সংগৃহীত ছবি
আরাকান আর্মিদের প্রধান আয়ই মাদক থেকে আসে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে প্রচুর মাদক আসছে। এখন বিভিন্ন নতুন নতুন ধরনের মাদক আসছে। এগুলো চলছে হোটেলগুলোতে। আমরা এখনো এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে ধরাও পড়ছে।
তিনি বলেন, আরাকান আর্মি মাদক বিক্রি করেই বেঁচে আছে। আরাকানরা মিয়ানমারের বর্ডারটাই দখল করে নিয়েছে। তবে তারা ইদানিং কৃষিতে ঝুঁকছে। এতে মাদকের ফ্লো কিছুটা কমবে। প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা ধরা পড়ছে।
শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে বলে।
এসময় ডাকসু নির্বাচন নিয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গতকাল ডাকসু নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। যারা ডাকসুতে ভোট দিচ্ছেন, তারা সবাই শিক্ষিত। এখানে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররাও উচ্চশিক্ষায় শিক্ষিত। এটা জাতীয় নির্বাচনের মতো না হলেও এটি একটি মডেল।
স্বদেশ প্রতিদিন/শাহো