প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৭ AM

ভাদ্রের প্রখর দাবদাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। তবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে দেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৬টি কেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ৬০ মিলিমিটার। ঢাকায় একই সময়ে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
স্বদেশ প্রতিদিন/কেআইকে